বিনোদন

ফিফার নতুন গানে নোরার চমক

বলিউড তারকা নোরা ফাতেহির ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অর্জন। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে নির্মিত মিউজিক ভিডিও ‘সির সির’-এ দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশিত টিজার ঘিরে যেমন ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তেমনি নোরাও একে নিজের ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন।

মাত্র ৪৫ সেকেন্ডের টিজারেই নজর কেড়েছেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। লাল-সাদা পোশাকে প্রাণবন্ত নৃত্যে হাজির হয়ে বিশ্বকাপের আবহে নতুন মাত্রা যোগ করেছেন তিনি।

তবে নোরার কাছে এটি শুধু একটি মিউজিক ভিডিও নয়, বরং বিভিন্ন সংস্কৃতির মিলনের প্রতীক। তার ভাষায়, ‘সির সির’-এর মাধ্যমে মরক্কো, কানাডা ও ভারতের সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নোরার ভাষ্য, মরক্কো থেকে আমার শিকড়ের গল্প যেমন এই গানে রয়েছে, তেমনি কানাডার প্রভাবও আছে। একইসঙ্গে ভারত ও দক্ষিণ এশিয়ার মানুষের ভালোবাসাও এর বড় অংশ। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, তার পেছনে এই অঞ্চলের মানুষের অবদান অনেক।

গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতীয় কোরিওগ্রাফার রাজিত দেব। তিনি জানান, মরক্কোর কাসাব্লাঙ্কায় ভিডিওটির শুটিং করা হয়। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পুরো টিমকে শুটিংয়ের জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র ১৫ মিনিট।

রাজিতের ভাষায়, আমাদের হাতে খুব কম সময় ছিল। কিন্তু সেই সময়ের মধ্যেই আমরা সেরা দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করেছি।

ফিফার মতো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত নোরা। তিনি জানান, বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক আয়োজনের জন্য কাজ করা তার কাছে এখনো অবিশ্বাস্য মনে হয়।

নোরার মতে, এই প্রকল্প তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। কারণ একজন শিল্পীর জন্য বিশ্বজুড়ে কোটি মানুষের সামনে নিজের কাজ তুলে ধরার সুযোগ সবসময় আসে না।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে গানটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন ভক্তদের অপেক্ষা পুরো মিউজিক ভিডিও প্রকাশের।