বাতাসের মানে অবনতি হওয়ায় রাজধানী ঢাকার বায়ুমান দিনদিন খারাপ অবস্থানের দিকে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম দিকে থাকছে ঢাকা। আজো এর ব্যতিক্রম হয়নি।
বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান (১২৭) শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ঢাকা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ২৯৮।
দূষণের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২১১। তৃতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৮৬। এছাড়া ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার এবং ১৮০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমন্ডু।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।