নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় এসেছে গাজী সাইফুল হাসানের ‘দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি’ গ্রন্থটি। এ ছাড়া ‘ছোটদের বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়’ নামে আরেকটি বই এসেছে এই লেখকের। গ্রন্থ দুইটি প্রকাশ করেছে ঢাকার কামরুল বুক হাউস। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে কামরুল বুক হাউসের ৪১৪ ও ৪১৫ নম্বর স্টলে বই দইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া রকমারি.কম-এর মাধ্যমে বই দুটি সংগ্রহ করা যাবে। ‘দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি’ ১৯৭১ সালের ১০-১৭ ডিসেম্বর খুলনা জেলার শিরোমণি ও সংলগ্ন অঞ্চলে সংগঠিত মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে রচিত। ওই সময়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে শিরোমণিতে মুক্তিযোদ্ধা ও ভারতীয় সহযোগী বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। শিরোমণি ও সংলগ্ন অঞ্চল পাকিস্তানি শত্রুমুক্ত হয় ১৭ ডিসেম্বর, ১৯৭১ সালে। দেশ ও বিদেশে শিরোমণির ট্যাংক ব্যাটল ঐতিহাসিক মর্যাদা লাভ করেছে। গ্রন্থটিতে শিরোমণির ট্যাংক ব্যাটলসম্পর্কিত তথ্যের পাশাপাশি শিরোমণি অঞ্চলের পরিচিতি, শিরোমণি যুদ্ধের গুরুত্ব, প্রকাশিত নানা গ্রন্থে শিরোমণি যুদ্ধের বিবরণ, সাম্প্রতিক পত্র-পত্রিকা ও সাহিত্যাঙ্গনে শিরোমণি যুদ্ধকথার উল্লেখ গ্রন্থটিকে নতুন মাত্রা দিয়েছে। ৬৪ পৃষ্ঠার এই গ্রন্থটির মূল্য ১২০ টাকা।
‘ছোটদের বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়’ গ্রন্থটি ছোটদের পাঠোপযোগী করে লেখা। ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়-এর জন্ম ১৮৬১ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামে। ভারতবর্ষে বাঙালিদের মুক্তির জন্য চাকুরির পরিবর্তে ব্যবসাকে গ্রহণের গুরুত্ব ও সে প্রসঙ্গে তিনি পথও দেখিয়েছিলেন। তিনি সব সময় মাতৃভাষায় শিক্ষার্জনের কথা বলতেন। অনাড়ম্বর এই বিজ্ঞানী সারা জীবন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের উন্নয়নে সময় ও অর্থ ব্যয় করেছেন। প্রখ্যাত ছড়াকার সুকুমার রায় ও দেশবরেণ্য রাজনীতিবিদ এ কে ফজলুল হক-এর প্রিয় শিক্ষক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞানীর জীবনাচরণ নিঃসন্দেহে শিশু-কিশোরদের জন্য উৎসাহ ও প্রেরণাদায়ক হবে। ৪০ পৃষ্ঠার এই গ্রন্থটির মূল্য ৭৫ টাকা। গ্রন্থ দুটির লেখক গাজী সাইফুল হাসান বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট-এর আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক। লেখকের স্থায়ী নিবাস খুলনা জেলার শিরোমণির কে.ডি.এ. আবাসিক এলাকায়। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে আইনে সম্মানসহ ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া লেখক বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নিয়মিত বাংলা সংবাদ পাঠক। সম্প্রতি প্রকাশিত গ্রন্থ দুটি লেখকের তৃতীয় ও চতুর্থ গ্রন্থ। ইতোপূর্বে পরিবেশ আইন ও স্থানীয় সরকার নিয়ে তাঁর দুটি গ্রন্থ ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/ইয়ামিন/রাসেল পারভেজ