নিজস্ব প্রতিবেদকখুলনা, ২৮ জানুয়ারি : খুলনায় বন্দুকযুদ্ধে নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা তৌহিদুল ইসলাম সবুজ (২৭) নিহত হয়েছেন।
নিহত সবুজ ফুলতলা উপজেলার দামোদর গ্রামের সেলিম শেখের ছেলে।
সোমবার দিবাগত রাতে ফুলতলা উপজেলার ছাতিয়ানতলা দীঘিরপাড়ে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা শিমুল ভূঁইয়াসহ তার দলবল অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে সোমবার রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল ফুলতলা দীঘিরপাড়ে অভিযান চালায়।
সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শিমুল ভূঁইয়ার সেকেন্ড-ইন-কমান্ড তৌহিদুল ইসলাম সবুজকে উদ্ধার করে ফুলতলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ছয়টি বোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়।
নিহত সবুজের বিরুদ্ধে ফুলতলাসহ বিভিন্ন থানায় নয়টি হত্যা, দুটি অস্ত্র মামলাসহ এক ডজন মামলা রয়েছে।
রাইজিংবিডি / লতিফ / শিশির / লিমন/ আবু মো.