অন্য দুনিয়া

বরিশালে বন্দুকযুদ্ধে পানামা ফারুক নিহত

জেলা প্রতিবেদকবরিশাল, ১০ ফেব্রুয়ারি : বরিশালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ও কথিত যুবলীগ নেতা ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক নিহত হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে নগরীর চকের পুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে র‌্যাব-৮এর এক সদস্য আহত হয়েছে। র‌্যাব-৮ সিপিসি ১’র অধিনায়ক ক্যাপ্টেন আবুল বাসার জানান, চকের পুল এলাকায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্প রয়েছে। সকালে সন্ত্রাসিরা সেখান থেকে হেঁটে যাচ্ছিল। এসময় র‌্যাব তাদের থামতে বললে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়ে। এতে র‌্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়। র‌্যাবও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে এক পর্যায় এক সন্ত্রাসীর লাশ পড়ে থাকতে দেখা যায়। পরবর্তিতে পরিচয় মিলে, সে শীর্ষ সন্ত্রাসী ও কথিত যুবলীগ নেতা ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক। র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে। এদিকে সকাল ৮ টার দিকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসলে দক্ষিনাঞ্চল জুড়ে পানামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম চলে। হয়ে উঠে বরিশালের অন্যতম শীর্ষ সন্ত্রাসী।  ২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিল। পরবর্তিতে ২০০৮ সালে ফের আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে পুনরায় সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান।

 

রাইজিংবিডি / স্বপন / টিপু