জেলা প্রতিবেদক দিনাজপুর, ১৮ মার্চ: দিনাজপুরে ইসবগুলের ভুষির শরবত খেয়ে দিলারা জাহান নামক (৫৯) এক মহিলা মারা গেছে। একই শরবত খেয়ে আরো দুই মহিলা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে সদরের উত্তর কাঞ্চন কলোনীতে এ ঘটনা ঘটেছে। নিহত দিলারা জাহান সদরের উত্তর কাঞ্চন কলোনীর জাবেদ আলীর স্ত্রী ।স্থানীয়রা জানায়, বাড়ির মালিক দিলারা জাহান ও ভাড়াটিয়া শাহজান আলীর স্ত্রী জুলেখা বেগম ( ৫৫) ও নসুর উদ্দীনের স্ত্রী ময়না বেগম ( ৩৮) শরবত খেলে তাদের বুকের জ্বালাপোড়া শুরু হয় । এ সময় তাদের তিন জনকে একই সাথে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন ।
দিনাজপুর মেডিক্যাল কলেজের ডাক্তার রাফি আহমেদ জানান, দীর্ঘদিন ধরে ইসবগুলের ভুষি দোকানে জমানো থাকায় বিষাক্ত হয়ে গেছে । ঐ সকল দ্রব্য খাওয়ায় শরীরে বিষক্রিয়া তৈরি হয়। দিনাজপুর সদর থানার ওসি আলতাফ হোসেন বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে । তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
রাইজিংবিডি/সুলতান মাহমুদ/ফেরদৌসী