সাতসতেরো

‘দুই নেত্রীর যুগ’ পেরিয়ে নেতার শাসনে বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।দলটি তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। সুতরাং বাংলাদেশে দীর্ঘ  সময় পরে পুরুষ নেতার শাসনাধীন হচ্ছে।

১৯৯১ সালে স্বৈরশাসক পতনের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে দুই প্রধান নেত্রী—শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কেন্দ্র করে। রাজনৈতিক বিশ্লেষকেরা এ দীর্ঘ সময়কে প্রায়ই ‘দুই নেত্রীর যুগ’ হিসেবে আখ্যায়িত করেন। 

স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। তার পর একাধিক পুরুষ নেতা সরকার পরিচালনা করলেও ১৯৯১ সাল থেকে শুরু হয় টানা নারী নেতৃত্বের অধ্যায়, যা অব্যাহত ছিল ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান, শেখ হাসিনার দেশত্যাগ এবং ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে সেই দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে নেতৃত্বের দৃশ্যে কোনো নারী ছিলেন না। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নবম পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

এর আগে ১৯৮৯–১৯৯০ সালে কাজী জাফর আহমদ ছিলেন সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। ফলে প্রায় ৩৫ বছর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে আবারও পুরুষ নেতৃত্বের প্রত্যাবর্তন ঘটছে।

সারসংক্ষেপে বলা যায়, ১৯৭১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা ছিল পুরুষ নেতৃত্বের হাতে; আর ১৯৯১ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালটি চিহ্নিত হয়েছে নারী নেতৃত্বের দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায় হিসেবে।