সাতসতেরো

প্রকাশিত হয়েছে নূরে জান্নাতের গল্পগ্রন্থ ‘ঝুলে আছে পাখিদের লাশ’

অমর একুশে বইমেলা-২০২৬ এ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক নূরে জান্নাতের গল্পগ্রন্থ ‘ঝুলে আছে পাখিদের লাশ’ বইটিতে মোট ১৩ টি গল্প রয়েছে। এটি প্রকাশ করেছে দেশবাংলা প্রকাশন। প্রচ্ছদ করেছেন ফারহান শিব্বির। 

বইয়ের ফ্ল্যাপে লেখা হয়েছে, ‘‘নূরে জান্নাত-নামটির ভেতরেই আছে আলো আর আশ্রয়ের আভাস। সিরাজগঞ্জের ধীতপুর কানু গ্রামের মাটির গন্ধ বুকে নিয়ে তিনি শব্দে গড়ে তুলেছেন নিজস্ব এক জগৎ, যেখানে গল্প কথা বলে মানুষের অন্তর থেকে, আর কবিতা ছুঁয়ে যায় নীরব সময়কে। রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষিত এই লেখকের কলম সমান স্বচ্ছ ভাবনায় ও অনুভবে। বহু জাতীয় পুরস্কার ও স্বীকৃতি তার সাহিত্যপ্রতিভার সাক্ষ্য বহন করে-কখনও কথাসাহিত্যে, কখনও প্রবন্ধে, কখনও আবৃত্তি ও অভিনয়ে। এই বই সেই নিরন্তর সাধনারই আরেকটি অধ্যায়-যেখানে জীবন, প্রকৃতি ও মানুষের গভীর অনুভব একসূত্রে গাঁথা। পাঠকের হাতে পৌঁছে এটি হয়ে উঠুক ভাবনার নতুন দরজা, আর হৃদয়ের আরেকটি উন্মুক্ত জানালা।

সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা এক নাম-সেলিম। একদিন অবৈধ পথ পেরোতে গিয়ে দ্রুম দ্রাম গুলির শব্দে থেমে যায় তার জীবন। তারপর সে নিজেই হয়ে ওঠে সেই দৃশ্যের অংশ, যেটি সে কোনোদিন দূর থেকে দেখেছিল-কারেন্ট জালে ঝুলে থাকা পাখিদের মতো।

মৃত্যুর মুহূর্তে হয়তো তার চোখে ভেসে উঠেছিল পুকুরপাড়ের সেই জাল, কয়েকটা মাছের লোভে টানানো নিষ্ঠুর ফাঁদ, আর তাতে আটকে থাকা নীরব ডানাগুলো। সেদিন সীমান্তে মানুষ আর পাখির ব্যবধান ঘুচে যায়-সবাই কেবল ঝুলে থাকে এক অদৃশ্য অপরাধের দায়ে। এই গল্প কেবল সেলিমের নয়; এটি লোভ, সীমান্ত আর নিষ্ঠুরতার বিরুদ্ধে এক নীরব প্রতিচ্ছবি।’’

বইমেলায় ‘ঝুলে আছে পাখিদের লাশ’ বইটি পাওয়া যাবে ১২৬-২৭ নম্বর স্টলে।