সাতসতেরো

এআই ব্যবহারের অভিযোগে ‘শাই গার্ল’ উপন্যাসের প্রকাশনা বাতিল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের অভিযোগে এক বহুল আলোচিত হরর উপন্যাসের প্রকাশনা বাতিল করে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত প্রকাশনী সংস্থা হ্যাশেট  বুক গ্রুপ। মার্কিন লেখিকা মিয়া ব্যালার্ড-এর লেখা ‘শাই গার্ল’ উপন্যাসকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী মাসে যুক্তরাষ্ট্রে বইটির বৃহৎ পরিসরে প্রকাশের কথা থাকলেও, এআই ব্যবহারের প্রমাণ মেলায় হ্যাশেট শুধু মার্কিন প্রকাশনাই বাতিল করেনি; বরং গত নভেম্বরে যুক্তরাজ্যে প্রকাশিত সংস্করণটিও বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। The New York Times-এর প্রতিবেদন অনুযায়ী, কোনো বড় প্রকাশনী সংস্থা থেকে এআই ব্যবহারের অভিযোগে একটি বাণিজ্যিক উপন্যাস বাতিলের ঘটনা এটিই প্রথম।

বইটি নিয়ে পাঠকদের রিভিউ প্ল্যাটফর্ম গুড রিডার্স-এ নেতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করলে বিতর্ক আরও জোরালো হয়। অনেক পাঠক মন্তব্য করেন, উপন্যাসটি পড়ে মনে হয়েছে যেন এটি ChatGPT-এর সাহায্যে লেখা। পাশাপাশি বইটির অস্বাভাবিক ফরম্যাটিং, বানান ভুল এবং একই শব্দের অতিরিক্ত পুনরাবৃত্তির বিষয়েও প্রশ্ন তোলেন তারা।

তবে লেখিকা মিয়া ব্যালার্ড এআই ব্যবহারের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তার দাবি, পাণ্ডুলিপি সম্পাদনার জন্য নিয়োগ দেওয়া ব্যক্তিই হয়তো তার অজান্তে এআই ব্যবহার করেছেন। 

এই ঘটনায় নিজের ক্যারিয়ার ও মানসিক অবস্থা নিয়ে ভেঙে পড়ার কথা জানিয়ে তিনি বলেন, “যা আমি নিজে করিনি, তার জন্য আমার নাম নষ্ট হলো।” তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন। বিবিসি-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় হ্যাশেট জানায়, তারা মৌলিক সৃজনশীলতা ও লেখকস্বত্ব রক্ষায় বদ্ধপরিকর। সে কারণেই শাই গার্ল আর প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিতর্ক শুরুর আগেই বইটি অনলাইনে ও যুক্তরাজ্যে প্রায় দুই হাজার কপি বিক্রি হয়েছিল এবং ‘বুকটক’ মহলেও এটি কিছুটা পরিচিতি পেয়েছিল।