সাতসতেরো

২০২৬ সালে জেনজিরা কেন ‘হট টেক ডেটিং’ পছন্দ করছে?

২০২৬ সালে ডেটিংয়ের জগতে এক নতুন প্রবণতা আলোচনায় এসেছে, যার নাম—‘হট-টেক ডেটিং’। যা ভালোভাবে গ্রহণ করেছে জেনজি প্রজন্ম। সম্পর্কের শুরুতেই যেখানে আগে মানুষ হালকা কথাবার্তা, পছন্দ-অপছন্দ কিংবা শখ নিয়ে আলাপ করত, এখন সেখানে অনেকেই সরাসরি ঢুকে পড়ছেন গভীর, ব্যক্তিগত এবং কখনো সংবেদনশীল বিষয়ে।

প্রথম ডেটেই কেউ বলছেন, ‘আমি কমিটমেন্টে ভয় পাই’, কেউ জানাচ্ছেন ‘আগের সম্পর্কের ট্রমা বয়ে বেড়াচ্ছি’ আবার কেউ স্পষ্ট করে দিচ্ছেন—‘ প্রেমেবিশ্বাসঘাতকতা তারা কোনোভাবেই মেনে নেবেন না’। এই খোলামেলা স্বীকারোক্তিই মূলত ‘হট-টেক ডেটিং’-এর কেন্দ্রবিন্দু। এখানে সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে শুরুতেই একটা স্পষ্ট ধারণা পেতে চান দু’জন মানুষ।

এই প্রবণতার পেছনে রয়েছে সময়ের বাস্তবতা আধুনিক জীবনযাত্রা এতটাই ব্যস্ত যে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলার সুযোগ অনেকের কাছেই বিলাসিতা হয়ে উঠেছে। যে কারণে মানুষ এখন শুরুতেই জানতে চান—এই সম্পর্কের আদৌ কোনো সম্ভাবনা আছে কি না। আগে যেখানে মাসের পর মাস সময় দিয়ে শেষে বুঝতে হতো মিলছে না, এখন অনেকে সেই সময়টুকু বাঁচাতে চান।

জেনজিরা নিখুঁত হওয়ার ভান ধরতে চায় না এ ছাড়া, নতুন প্রজন্মের মধ্যে ‘পারফেক্ট ইমেজ’ দেখানোর প্রবণতা অনেকটাই কমেছে। তারা আর নিখুঁত হওয়ার ভান করতে চায় না; বরং বাস্তব, খোলামেলা এবং সৎ সম্পর্কই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই সততা একদিকে যেমন দ্রুত বোঝাপড়া তৈরি করে, তেমনি বারবার ভুল সম্পর্কে জড়িয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকিও কমায়। অনেকেই এটিকে ডেটিং বার্নআউট থেকে মুক্তির একটি উপায় হিসেবে দেখছেন।

এই ট্রেন্ডের আরেকটি দিক হলো এটি শুধু তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন সম্পর্কের অভিজ্ঞতা থাকা, বিশেষ করে চল্লিশোর্ধ্ব অনেক মানুষ নতুন সম্পর্কে যাওয়ার আগে শুরুতেই স্পষ্ট হতে চান। তাদের কাছ থেকেই এই ধারা জনপ্রিয়তা পায়, যা পরে জেন-জি প্রজন্ম সাদরে গ্রহণ করে।

তবে সবকিছুর মতো এই পদ্ধতিরও কিছু ঝুঁকি আছে। প্রথম দেখাতেই গভীর বা স্পর্শকাতর আলোচনা সবাই সহজভাবে নিতে পারেন না। অনেক সময় মতবিরোধ তৈরি হতে পারে, যা তর্কে গড়াতে পারে বা সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে। ফলে সম্ভাবনাময় একটি সম্পর্কও অঙ্কুরেই থেমে যেতে পারে।

সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ডেটিং করতে গেলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন—আগে থেকেই জানিয়ে দেওয়া যে কোন বিষয় নিয়ে কথা বলতে চান, নিজের মতামত সম্মান বজায় রেখে প্রকাশ করা, অপর পক্ষের দৃষ্টিভঙ্গি শোনার মানসিকতা রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—ডেট যেন বিতর্কে পরিণত না হয়।

সব মিলিয়ে, ‘হট-টেক ডেটিং’ আসলে সময় বাঁচিয়ে সত্যিকারের বোঝাপড়ার সন্ধান। এটি একদিকে যেমন সাহসী ও সৎ হওয়ার প্রতিফলন, অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটি আধুনিক কৌশলও বটে।