বিশ্বে প্রতিদিন, প্রতিমুহূর্তে ঘটে নানা ঘটনা ও দুর্ঘটনা। জন্ম হয় ইতিহাসগড়া মানুষের, আবার বিদায় নেন অনেকেই। আজ যা নতুন, আগামীকাল তাই পুরনো, তাই অতীত। এর মধ্যে কিছু ঘটনা সময়ের গণ্ডি পেরিয়ে স্থায়ীভাবে জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। আজ ৮ মে। ফিরে দেখা যাক এ দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা।
৩০ হাজার মানুষের প্রাণহানি ক্যারিবীয় অঞ্চলের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট পিলে থেকে ১৯০২ সালের ৮ মে তারিখে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ইতিহাসের অন্যতম ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হিসেবে এটি পরিচিত।
সাগরতলে প্রাচীন যন্ত্রের সন্ধান ২০১৪ সালের এই দিনে সাগরতলে একটি প্রাচীন যন্ত্রের সন্ধান পাওয়া যায়। ব্রিটিশ ডুবুরি ডেভিড মেয়ারনস ওমান উপকূলে ডুবে যাওয়া পর্তুগিজ জাহাজ এসমেরালদা–এর ধ্বংসাবশেষ থেকে যন্ত্রটি উদ্ধার করেন। ‘অ্যাস্ট্রোল্যাব’ নামের এই যন্ত্র একসময় নাবিকেরা সাগর ও মহাসাগরে দিক নির্ণয়ের কাজে ব্যবহার করতেন। ধারণা করা হয়, এটি বিশ্বের সবচেয়ে পুরোনো অ্যাস্ট্রোল্যাব। জাহাজটি ১৫০৩ সালে ডুবে গিয়েছিল।
হ্যান্স অ্যান্ডারসনের বই প্রকাশ বিশ্বখ্যাত রূপকথার লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন–এর গল্প আজও পাঠকদের মুগ্ধ করে। ১৮৩৪ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেন শহরে তাঁর ফেইরি টেলস–এর প্রথম খণ্ড প্রকাশিত হয়।এই বইয়েই ছিল বিখ্যাত গল্প দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য পি।
টেমস নদীতে ‘বাঁধ’ উদ্বোধন টেমস ব্যারিয়ার নির্মাণের আগে প্রায় প্রতি বছরই টেমস নদীর পানিতে মধ্য লন্ডনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতো। এই সমস্যা সমাধানে নির্মিত হয় বিশাল ব্যারিয়ার বা বাঁধ।
১৯৮৪ সালের এই দিনে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে এই ব্যারিয়ার উদ্বোধন করেন।