সাতসতেরো

বুকার পুরস্কার জিতেছেন ইয়াং শুয়াং-জি ও লিন কিং

আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৬ অর্জন করেছে ‘তাইওয়ান ট্রাভেলগ’। মান্দারিন চাইনিজ ভাষায় এই উপন্যাস লিখেছেন ইয়াং শুয়াং-জি। ইংরেজিতে অনুবাদ করেছেন লিন কিং। যৌথভাবে এই সম্মাননা অর্জন করেছেন ইয়াং শুয়াং-জি এবং লিন কিং। বুধবার লন্ডনের টেট মডার্নে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড সমানভাবে ভাগ করে নেবেন লেখক ও অনুবাদক।

উপন্যাসটিতে উপনিবেশবাদ, ক্ষমতা, শ্রেণি এবং ভালোবাসার মতো বিষয়বস্তু প্রাধান্য পেয়েছে। বিচারকমণ্ডলীর প্রধান নাতাশা ব্রাউন বলেন, “তাইওয়ান ট্রাভেলগ একসঙ্গে দুটি অসাধারণ কাজ করেছে, উপন্যাসটি একদিকে যেমন প্রেমের উপন্যাস, অন্যদিকে অন্তর্দৃষ্টিসম্পন্ন পোস্টকলোনিয়াল বিশ্লেষণও।’’ 

ইয়াং শুয়াং-জি

১৯৩০-এর দশকে জাপানি ঔপনিবেশিক শাসনের অধীনে থাকা তাইওয়ানের প্রেক্ষাপটে ‘তাইওয়ান ট্রাভেলগ’ রচিত হয়েছে। ভালোবাসা কি ক্ষমতার ভারসাম্যহীনতাকে অতিক্রম করতে পারে কি-না-সেই প্রশ্নের উত্তর এই উপন্যাসে খোঁজা হয়েছে বলে জানিয়েছেন নাতাশা ব্রাউন। 

উপন্যাসে দেখা যায়, জাপানের লেখক আওয়ামা এবং তার তাইওয়ানি দোভাষী চিজুরু সরকারি পৃষ্ঠপোষকতায় তাইওয়ান সফরে বের হন। প্রথম দেখাতেই দুই নারীর মধ্যে আকর্ষণ তৈরি হয়। কিন্তু তাদের সম্পর্কের ভেতরে থাকা ক্ষমতার অসমতা ধীরে ধীরে জটিল আকার নিতে থাকে। 

এর আগে উপন্যাসটি ২০২৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার এবং এশিয়া সোসাইটির বাইফাং শেল বুক প্রাইজও জিতেছিল। বইটি ইতোমধ্যে জাপানি, কোরিয়ান, জার্মান, ইতালীয়, ডাচ, ড্যানিশসহ বহু ভাষায় প্রকাশিত হয়েছে বা প্রকাশের অপেক্ষায় রয়েছে।

লিন কিং তাইওয়ানিজ-আমেরিকান লেখক ও অনুবাদক। বর্তমানে তিনি তাইপে ও নিউইয়র্কে বসবাস করেন। তার গল্প বিভিন্ন সাহিত্যপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তিনি পেন/ডাউ ছোটোগল্প পুরস্কার পেয়েছেন। ‘তাইওয়ান ট্রাভেলগ’ ছাড়াও তিনি ‘দ্য বয় ফ্রম ক্লিয়ারওয়াটার’ গ্রাফিক নভেল সিরিজ অনুবাদ করেছেন। তার প্রথম উপন্যাস ‘উইব’ শিগ্‌গিরই প্রকাশিত হবে।

২০২০ সালে মূল ভাষায় প্রকাশিত ‘তাইওয়ান ট্রাভেলগ’ হলো ইয়াং শুয়াং-জি–এর প্রথম বই, যা ইংরেজিতে অনূদিত হয়েছে। যুক্তরাষ্ট্রে বইটি ২০২৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের অনুবাদ বিভাগেও জয়ী হয়।

যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বিশ্বের বিভিন্ন ভাষা থেকে অনূদিত কথাসাহিত্যকে স্বীকৃতি দেওয়া এই পুরস্কারে বইটি আরও পাঁচজন চূড়ান্ত প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৭ হাজার মার্কিন ডলার) অর্থ লেখক ও অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।

বিভিন্ন ভাষার সাহিত্যকে বিশ্বে আরও পরিচিত করে তুলতে এবং সাহিত্য অনুবাদকদের গুরুত্বপূর্ণ অথচ অনেক সময় অবমূল্যায়িত কাজকে সম্মান জানাতে আন্তর্জাতিক বুকার পুরস্কার চালু করা হয়েছিল।