স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য খাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে আরো সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার কীট ও আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসন সুবিধা তৈরিতে সহায়তা কামনা করেন।

সোমবার (২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “বাংলাদেশে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে চীন তার সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করবে।”

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে তারা পিছপা হবে না—তা সাধারণ বা বিশেষায়িত হাসপাতাল যাই হোক না কেন।”

তিনি উল্লেখ করেন, “মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে চীন থেকে চিকিৎসক দল বাংলাদেশে এসেছে। এছাড়া রোবোটিক রিহেবিলিটেশন সেন্টারে ৮২টি যন্ত্রপাতি প্রদান এবং বাংলাদেশি মেডিক্যাল স্টাফদের চীনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উচ্চশিক্ষায় নিয়োজিত চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের বিষয়ে সহযোগিতা করতেও আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, “চীনের সহযোগিতায় প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল উত্তরবঙ্গে স্থাপন করাই যুক্তিযুক্ত, কারণ অঞ্চলটি এখনো তুলনামূলকভাবে অনুন্নত ও অবহেলিত।”