রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পরই মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে আইসিইউ না থাকায় গুরুতর অসুস্থ ওই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ ওঠে।
তবে ভাঙচুরের বিষয়টি নাকচ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কিছুদিন ধরে হামের রোগী বাড়ছে। হাসপাতালের তিনটি ওয়ার্ডেই অতিরিক্ত রোগী রয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু মৃত শিশুটির অবস্থা গুরুতর ছিল, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। দুর্ভাগ্যজনকভাবে এই হাসপাতালের আইসিইউটি বন্ধ ছিল।”
তিনি আরো জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রকল্পের আওতায় আইসিইউটি নির্মাণ করা হলেও প্রকল্প শেষ হওয়ার পর সেটির কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ফলে শিশুটিকে প্রয়োজনীয় নিবিড় পরিচর্যা দেওয়া সম্ভব হয়নি। অন্য হাসপাতালেও সংক্রামক রোগী নেওয়ার সীমাবদ্ধতা থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।
মন্ত্রী বলেন, “এটা আমাদের একটি গাফিলতি হিসেবে ধরা যেতে পারে। আমরা জানতাম না যে দেড় বছর আগে আইসিইউটি বন্ধ হয়ে গেছে। আজ বিষয়টি জানলাম। এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, “আইসিইউটি যেহেতু বন্ধ রয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসক, টেকনিশিয়ান ও কনসালটেন্ট সংযুক্ত করে এটি চালু করা হবে ইনশাআল্লাহ। অক্সিজেন সরবরাহ নিশ্চিত রয়েছে, প্রয়োজনে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে।”