স্বাস্থ্য

ঈদ আনন্দ উদযাপনে ভিন্ন মাত্রা হাতিরঝিলে নৌভ্রমণ   

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ এখনো কাটেনি। রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) রাজধানীর জনপ্রিয় বিনোদনকেন্দ্র হাতিরঝিলেও মানুষের কমতি নেই। ঈদের আনন্দ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করেছে হাতিরঝিলে নৌভ্রমণ। ঘাটে বিনোদনপ্রেমীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সোমবার সকাল থেকেই হাতিরঝিলে মানুষের ঢল নামে। বিকেলের দিকে ভিড় আরো বাড়ে। নৌভ্রমণের জন্য টিকিট সংগ্রহ করতে গিয়ে দর্শনার্থীদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসে অনেকেই এই ভোগান্তিতে পড়েছেন।

দর্শনার্থীরা জানান, বোটের সংখ্যা সীমিত থাকায় চাহিদার তুলনায় সেবা কম পাওয়া যাচ্ছে। ফলে, একেকজনকে বোটে উঠতে ৩০ মিনিটের বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

ঢাকার মিরপুর থেকে ঘুরতে আসা আরিফ হোসেন নামে এক দর্শনার্থী বলেন, “ঈদের ছুটিতে পরিবার নিয়ে একটু ঘুরতে এসেছি। কিন্তু, বোটে উঠতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপরও বাচ্চাদের খুশির জন্য অপেক্ষা করছি।”

বনশ্রী থেকে ঘুরতে আসা দশম শ্রেণীর শিক্ষার্থী কাজী তাজরীন আমিনা তুয়া বলেন, “পরিবেশটা খুব সুন্দর। যদি বোটের সংখ্যা বাড়ানো হতো, তাহলে এত ভোগান্তি হতো না।”

দর্শনার্থীদের দাবি, ঈদের ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। বিকেল থেকে রাত পর্যন্ত চাপ সবচেয়ে বেশি থাকে। এমন উৎসবমুখর সময়ে বোটের সংখ্যা বৃদ্ধি, টিকিটিং ব্যবস্থার উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হলে ভোগান্তি অনেকটাই কমে আসবে।