স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে চান বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, “চিকিৎসকদের সহযোগিতা ছাড়া এই বিশাল স্বাস্থ্য খাতে মানুষের সেবা নিশ্চিত করা কঠিন।”
শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশের চিকিৎসা খাতকে এগিয়ে নিতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সবাই সমন্বিতভাবে এগিয়ে এলে সততা ও নিষ্ঠার সঙ্গে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। অন্যথায় এত বড় স্বাস্থ্য খাতের তত্ত্বাবধান করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।”
তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “আপনারা অত্যন্ত সম্মানিত একটি শ্রেণি। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে মন্ত্রণালয় থেকে মানুষের সেবা দেওয়া কঠিন হয়ে যাবে।”
পাশাপাশি তিনি তৃণমূল পর্যায়ে কর্মরত চিকিৎসকদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সরদার সাখাওয়াত হোসেন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি ‘কলমের সন্ত্রাস’ ও ‘সিদ্ধান্তের সন্ত্রাস’ থেকেও মুক্ত করতে চান তিনি। তার ভাষায়, “চিকিৎসকদের সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারলে দেশের প্রায় ১৮ কোটি মানুষ উপকৃত হবে।”
স্বাস্থ্যমন্ত্রী জলাতঙ্ক রোগের ভ্যাকসিন ব্যবস্থাপনা, সম্প্রতি বেড়ে যাওয়া হাম রোগ মোকাবিলায় প্রস্তুতি এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে এনআইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা স্থাপনের মতো সরকারি উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে চিকিৎসা ক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহণকারী বক্তারা। এতে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মনির হোসেন খানসহ দেশের প্রখ্যাত সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।