স্বাস্থ্য

হামের টিকাদান শুরু রবিবার, জুনে গণটিকা কর্মসূচি

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকার রুটিন টিকাদান কর্মসূচির বাইরে একটি বিশেষ টিকাদান উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আগামীকাল রবিবার (৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে এবং আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এক মাসব্যাপী গণটিকা কর্মসূচি। উদ্বোধনের পর প্রথম পর্যায়ে বেশি সংক্রামক এলাকাগুলোতে এ টিকা দেওয়া শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই টিকাদান কর্মসূচিতে মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী সব শিশু এতে অন্তর্ভুক্ত থাকবে, যা বর্তমান সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় একটি বিস্তৃত পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে শুধু ছোট নয়, তুলনামূলক বেশি বয়সী শিশুদের মধ্যেও হামের সংক্রমণ বাড়ছে এ কারণেই বয়সসীমা বাড়ানো হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ জানান, দেশে নিয়মিতভাবে ৯ মাস বয়সে হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হলেও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি একটি অতিরিক্ত সুরক্ষা বলয় তৈরি করবে।

টিকাদান কর্মসূচি শুরুর আগে সারাদেশে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী অভিভাবকদের অবহিত করা হবে। আন্তর্জাতিক জোট গ্যাভি এই কর্মসূচিতে অর্থায়ন, টিকা এবং লজিস্টিক সহায়তা দিচ্ছে। এরইমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সিরিঞ্জসহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণ মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া হবে।

এ কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং অঞ্চলভিত্তিক মাইক্রোপ্ল্যান তৈরি করে কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান।