দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪৮ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৮৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ১ হাজার ৫৯৯ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের ৬ জন ঢাকা বিভাগের, তিন জন রাজশাহী ও একজন খুলনা বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫০৫ জন। এরপর রাজশাহী বিভাগে ২৭৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২৬ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া বরিশালে ৭১, খুলনায় ১১৮, রংপুরে ৬২, সিলেটে ৪৬ এবং ময়মনসিংহে ২৮ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।