হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ডা. মুহিত বলেন, “এই জরুরি ক্যাম্পেইন সফল করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনীতিবিদদের জন্য এটি একটি বড় সুযোগ- আপনারা ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচির তথ্য পৌঁছে দিন।”
তিনি বলেন, “৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশুকে টিকা দিতে হবে। শুধু নিজের সন্তানকে টিকার আওতায় নিলে হবে না, সবার মধ্যে রোগ প্রতিরোধ তৈরি করতে হবে। অন্তত ১০০ জনে ৯৫ জন শিশুকে টিকার আওতায় আনতে পারলেই সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যাবে।”
প্রতিমন্ত্রী জানান, আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। আন্তর্জাতিক সংস্থাগুলো এ কর্মসূচিতে সহযোগিতা করছে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “এখন থেকেই শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া গেলে রোগটি নিয়ন্ত্রণে আনা সম্ভব। মন্ত্রণালয় থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।” ঢাকা উত্তরে হামের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি জানান তিনি।
গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকাতেও এ কার্যক্রম শুরু হয়েছে।