স্বাস্থ্য

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু

সারা দেশে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে সারা দেশে দুই লাখ ৮২ হাজার ৫১০টি কেন্দ্রে একযোগে টিকাদান শুরু হয়।

সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এঞ্জেলস সেমিনারি স্কুলে স্থাপিত টিকাদান কেন্দ্র থেকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ এ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

এর আগে গতকাল রবিবার এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বাড়ায় এটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ হিসেবে দেখা দিচ্ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা। তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”

তিনি আরও জানান, চলতি মাসের ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় পরীক্ষামূলকভাবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।

এর ধারাবাহিকতায় আজ ২০ এপ্রিল থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে হামের এক ডোজ টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা ও স্থানীয় প্রশাসনের সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।