দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ও আক্রান্ত হয়ে নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৯৪৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ জনের।
২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, বরিশাল বিভাগের ৩ জন, সিলেট বিভাগের একজন, ২ জন খুলনা বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৪৩৭ জন। রাজশাহী বিভাগে ১৪২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৬১ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া বরিশালে ৫০, খুলনায় ৬১, সিলেটে ৩৬, রংপুর ৯ এবং ময়মনসিংহে ৫০ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।