স্বাস্থ্য

হামে আরো ৮ শিশুর মৃত্যু

দেশে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৭ জন হাম উপসর্গ সন্দেহে মারা গেছে।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১২ মে সকাল ৮টা থেকে ১৩ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ৪৮৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরো ১২৬ জনের।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৯ জন নিশ্চিত রোগী এবং ৩৬৩ জন সন্দেহজনক রোগীসহ মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।