স্বাস্থ্য

ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে বিএমইউতে চিকিৎসকদের মানববন্ধন

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান তারা।

রবিবার (১৭ মে) বিএমইউ-এর সি ব্লকে গ্র্যাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। কর্মস্থলে নিরাপত্তাহীনতার মধ্যে চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবাও ব্যাহত হবে বলে তারা মন্তব্য করেন।

সংগঠনের আহ্বায়ক ও কেন্দ্রীয় ড্যাবের সহ-দপ্তর সম্পাদক ডা. সফিক বলেন, “ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বহুদিন ধরে আলোচিত চিকিৎসক সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে।”

সংগঠনের সদস্য সচিব ডা. সাইদুজ্জামান উপল বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। দোষীদের ন্যূনতম ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। এ ছাড়াও সরকারি হাসপাতালগুলোতে সশস্ত্র আনসার মোতায়েন এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আলাদা ‘হেলথ পুলিশ’ ইউনিট গঠনেরও তিনি দাবি জানান।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ধীমান চৌধুরী এবং ইএনটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। তারা ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।