রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বেকারির সন্ধান পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৩০ মে) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শনে গেলে বেকারির সন্ধান পাওয়া যায়। এ সময় এই দৃশ্য কয়েকটি টেলিভিশন চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়। এ সময় মন্ত্রী বেকারি দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিষয়টি শক্তভাবে দেখা হবে।”
তিনি বলেন, “বেকারি পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরো বলেন, “দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন।”
এদিকে, রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে ডাক্তার ও নার্সদের অবহেলাসহ হাসপাতালের বেশ কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৩০ মে) গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঘটনার তদন্তে গঠিত কমিটি এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়নি। সন্তানহারা মায়েদের বক্তব্য গ্রহণ বাকি থাকায় তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শনে গেলে বেকারির সন্ধান পাওয়া যায়।
তিনি জানান, প্রাথমিক তদন্তে হাসপাতালটির ব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে অবহেলাসহ বেশ কিছু অসংগতি উঠে এসেছে। এছাড়া ঘটনার রাতে ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ ছিল এবং এ সময় কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না বলেও তদন্তে জানা গেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”
গত বুধবার (২৭ মে) ভোরে এই হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়।