স্বাস্থ্য

ঢাকাসহ ৪ জেলা ডেঙ্গুর উচ্চঝুঁকিতে, সচেতনতা র‍্যালি শনিবার

বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। গবেষণা ও মাঠপর্যায়ের জরিপে রাজধানী ঢাকাসহ চারটি জেলাকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে একযোগে সচেতনতামূলক র‍্যালি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদের এক গবেষণায় দেখা গেছে ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার জেলায় এডিস মশার লার্ভার ঘনত্ব উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এসব এলাকায় ব্রুটো ইনডেক্স ৭৬ থেকে ৯৩ পর্যন্ত পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, এই সূচক ২০-এর বেশি হলেই ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি বলে বিবেচিত হয়।

গবেষণায় দেখা যায়, প্রায় ৪৮ শতাংশ এডিস লার্ভা ভবনের পার্কিং এলাকা ও বেজমেন্টে পাওয়া গেছে। এছাড়া নির্মাণাধীন ভবনেও উল্লেখযোগ্য পরিমাণ লার্ভা শনাক্ত হয়েছে।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্ষাপূর্ব লার্ভা জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এসব এলাকায় ৭ জুন থেকে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করবে সিটি করপোরেশন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত করা এক নির্দেশনায় বলা হয়েছে, শনিবার (৬ জুন) সকাল ১০টায় ঢাকা মহানগরীর দুই সিটি করপোরেশনসহ দেশের সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে একযোগে সচেতনতামূলক র‍্যালি আয়োজন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ র‍্যালি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। বাসাবাড়ি, অফিস, নির্মাণাধীন ভবন ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে।