আন্তর্জাতিক

পুলিশের টিয়ার গ্যাস, পুলিশকে পেট্রোলবোমা

হংকংয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে একের পর এক টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। বিক্ষোভকারীরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়েছে। গত তিন মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে রোববারই সবচেয়ে বেশি সহিংস হয়ে উঠেছিল বিক্ষোভকারীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে পুলিশ আর বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি শোডাউন ছিলো। রোববার হংকংয়ের কজওয়ে বে জেলা, ওয়ান চাই বার এলাকা এবং সরকারি দপ্তরগুলোর অবস্থানস্থল অ্যাডমিরালটি জেলায় বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ মিছিল হঠাৎ করেই সহিংস হয়ে উঠে। পুলিশ আইন পরিষদ ভবনের ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

কালো মুখোশ পরিহিত অনেক বিক্ষোভকারী টিয়ার গ্যাস থেকে বাঁচতে তাদের সঙ্গে থাকা ছাতার আড়ালে আশ্রয় নেয়। এসময় অনেকে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসশেল পাল্টা পুলিশের দিকে এবং আকাশে চক্কর দেওয়া হেলিকপ্টারের দিকে ছুড়ে মারে।

ওয়ান চাই মেট্রো রেলস্টেশনে পুলিশকে লক্ষ্য করে এক বিক্ষোভকারী পেট্রোল বোমা ছুড়েছে। তাৎক্ষনিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানও ব্যবহার করেছে।

গত জুন থেকে অপরাধী প্রত্যার্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে গণতন্ত্রপন্থিরা। আন্দোলনের মুখে সম্প্রতি হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিলটি বাতিল বলে ঘোষণা করেন। তবে বিক্ষোভকারীরা হংকংয়ে গণতান্ত্রিক সংস্কার ও নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ঢাকা/শাহেদ