আন্তর্জাতিক

ভারতে আরও দুই করোনা রোগী, আক্রান্ত বেড়ে ৫

একমাস পর ভারতে আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ‌্যে একজন রাজধানী দিল্লিতে, অন‌্যজন দক্ষিণাঞ্চলীয় রাজ‌্য তেলেঙ্গানায়।  আর নতুন দুইজন আক্রান্তের মাধ‌্যমে পার্শ্ববর্তী দেশটিতে মোট পাঁচজন কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন।

সোমবার ভারতের স্বাস্থ‌্য মন্ত্রণালয় এ তথ‌্য নিশ্চিত করেছে।  এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ‌্য কেরালায় তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হন।

তবে নতুন আক্রান্ত দুইজনের শারীরিক অবস্থা স্থিতিশিল রয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দিল্লিতে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া রোগীর বিষয়ে জানানো হয়, ওই ব‌্যক্তির ইতালি ভ্রমণের আর তেলেঙ্গানায় আক্রান্ত ব‌্যক্তির দুবাই ভ্রমণের তথ‌্য রয়েছে।

এদিকে করোনা ভাইরাস সংক্রান্ত তথ‌্যের বিষয়ে কেন্দ্রীয়ভাবে জরুরি হেল্পলাইন ও ইমেইল অ‌্যাকাউন্ট চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাইরাসের বিষয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন জানিয়েছে স্বাস্থ‌্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, জনগণকে অবশ‌্যই পরিষ্কার-পরিচ্ছন্নভাবে জীবন-যাপন করতে হবে, সঠিকভাবে হাত ধুয়ে নিতে হবে এবং জনাকীর্ণ স্থান পরিহার করে চলতে হবে।

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব‌্যাপী এরইমধ‌্যে তিন হাজারের বেশি মানুষের মৃত‌্যু হয়েছে।  যার মধ‌্যে চীনেই দুই হাজার নয়শর বেশি।  আক্রান্তের সংখ‌্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।  চীনের বাইরে ভাইরাসটি আরও অন্তত ৬৫টির বেশি বিস্তার লাভ করেছে।  সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে পর্তুগাল।  আর যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ‌্যে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার তথ‌্য জানানো হয়েছে।

 

ঢাকা/জনি