আন্তর্জাতিক

করোনা রোগীর সেবায় প্রাণ হারানো চিকিৎসকরা শহীদ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত থেকে মৃত্যুবরণ করা ইরানি স্বাস্থ্যকর্মীদের শহীদ বলে ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

বুধবার (১১ মার্চ) এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন টাইমস্।

খামেনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে ডাক্তার ও নার্সসহ মেডিক্যাল টিমের যারা প্রাণ হারিয়েছেন তাদের শহীদ হিসেবে মর্যাদা দেওয়া হবে।

ইরানের আইন অনুযায়ী, রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা প্রাপ্তদের সব সময় বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের পরিবারের জীবিত সদস্যরা বিশেষ সম্মান ও সুযোগ-সুবিধা পান।

ইরানে মোট নয় হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৩৫৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৯৫৯ জন সুস্থ হয়েছেন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত চার হাজার ৬৩৩ জন দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ২৭৭ জন। বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত ৬৮ হাজার ২৮৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনাভাইরাসকে মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ সংস্থা (ডাব্লিউএইচও)। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ঢাকা/জেনিস