আন্তর্জাতিক

ভারতে আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়েছে ৫ জন

ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রাখা পাঁচ ব্যক্তি পালিয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও তিন জন পুরুষ।

শুক্রবার রাজ্যের ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা পালিয়েছেন। ফ্লু এর লক্ষণ নিয়ে তারা স্বেচ্ছায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পলাতকদের মধ্যে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে  এসেছিলেন। ওই নারীর গৃহকর্তা ও তার স্ত্রী এবং এক সহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের চিকিৎসা ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেই হয়েছিল।

পালানোর আগে এই পাঁচ জন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে ছলনার আশ্রয় নিয়েছিলেন। প্রথমে পৃথকভাবে তারা বাথরুমে যাওয়ার কথা বলে। পরে তারা চিকিৎসকদের চা এগিয়ে দেওয়ার কাজে আগ্রহ প্রকাশ করে।

পুলিশের উপ-কমিশনার রাহুল মাকনিকার জানান, কী কারণে হাসপাতাল থেকে তারা পালিয়েছে তা জানা যায় নি। তাদের খোঁজে অভিযান চলছে।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পলাতকদের মধ্যে তিন জনের অবস্থান জানতে পেরেছে পুলিশ। তারা হাসপাতালে ফিরতে রাজী হয়েছে।

 

ঢাকা/শাহেদ