করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুর মিছিল যেন থামছে না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে মারছে মৃতের সংখ্যা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪৩ হাজার ২৫৮তে।
চলতি মাসের প্রথম থেকেই আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মধ্যরাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা ৩৩ হাজার ৮৭৫ এ পৌঁছেছে। বুধবার দেশটিতে ২ হাজার ৭৬৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। প্রতিদিনই যেখানে মৃতের সংখ্যা বেড়ে চলছে সেখানে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু কিছু এলাকা থেকে লকডাউন প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন।
স্পেনে বৃহস্পতিবার মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। গত কয়েক দিন মৃতের সংখ্যা কমলেও এদিন দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে।
ইতালির পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। প্রতিদিনের মৃতের সংখ্যা এখানে কমলেও তা এখনও ৫০০ এর নিচে নামেনি। বৃহস্পতিবারও এখানে ৫২৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ২২ হাজার ১৭০।
যুক্তরাজ্যে এখনও বেড়ে চলেছে করোনায় মৃতের সংখ্যা। বৃহস্পতিবার এখানে ৮৬১ জনের মৃত্যু হয়েছে। এদিন দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।
ফ্রান্সের অবস্থা যুক্তরাজ্যের মতোই। এখানে মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ৭৬২। বুধবার এই সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে- ১ হাজার ৪৩৮।
জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ ইউরোপের অনেক দেশের করোনায় মৃত্রুর চিত্র এখনও ঊর্ধ্বমুখী। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন সংখ্যা। ঢাকা/শাহেদ