মার্কিন নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। ভালোভাবেই এগিয়ে আছেন তিনি। যে ছয়টি অঙ্গরাজ্যের ফল এখনো ঘোষণা করা হয়নি সেখানে মিরাকল কিছু না ঘটলে এই নির্বাচনে ট্রাম্পের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।
সম্ভাবনা যে কম সেটা বুঝতে পারছেন রিপাবলিকান দলের সমর্থকরাও। তাইতো শেষ ভরসা হিসেবে তারা আশ্রয় নিচ্ছেন সৃষ্টিকর্তার কাছে। নেভাডা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টি নির্বাচন বিভাগের সামনে দেখা গেছে রিপাবলিকান সমর্থকরা ট্রাম্পের জন্য প্রার্থনা করছেন। যাতে শেষ ছয়টি রাজ্যে বিস্ময়করভাবে তিনি জিতে যান।
পাশাপাশি নোভাডা রাজ্যের ট্রাম্প সমর্থকরা চান প্রতিটি ভোট যেন গণনা করা হয়। তাদের আশা, এতে হয়তো ট্রাম্প কিছুটা এগিয়ে যেতে পারবেন।
নেভাডায় ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ১.৭% ভোটে এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে। এই রাজ্যের ৯২% ভোট ইতোমধ্যেই গণনা করা হয়ে গেছে।
আল জাজিরার পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেকটোরাল ভোট। ট্রাম্প পেয়েছেন ২১৪টি। অন্যদিকে সিএনএনের পরিসংখ্যানে বাইডেন পেয়েছেন ২৫৩টি, ট্রাম্প ২১৩টি। ছয়টি রাজ্যের ফল এখনো ঘোষণা হয়নি। সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে ৭১টি।