আন্তর্জাতিক

হারকিভেতে প্রবেশ করেছে রুশ বাহিনী

ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভে রোববার (২৭ ফেব্রুয়ারি) প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। বর্তমানে শহরটির বিভিন্ন স্থানে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। একথা জানিয়েছে  সেখানকার স্থানীয় প্রশাসন। 

হারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানান, ইউক্রেন বাহিনীর প্রতিরোধ ভেঙে রুশ বাহিনীর সামরিক যানগুলো হারকিভে শহরে প্রবেশ করে। রুশ সেনাদের শহরের কেন্দ্রে অবস্থান করতে দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে নাগরিকদের বাসায় অবস্থান করতে আহ্বান জানিয়েছেন তিনি। 

একই দিন রুশ বাহিনী দেশটির দক্ষিণের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর নোভা কাহোভকা দখলে নিয়েছে বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। শহরটি ছোট হলেও এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিপার নদীর তীরে অবস্থিত।

নোভা কাহোভকা শহরের মেয়র ভলোদিমির কোভালেনকোর বরাত ইউক্রেইনের গণমাধ্যম জানায়, রাশিয়ার সেনারা শহরের কার্যনির্বাহী কমিটি দখলে নিয়েছে। একই সঙ্গে তারা বিভিন্ন সরকারি দপ্তর থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে ফেলেছে। 

এদিকে রুশ বাহিনীর অভিযানের মুখে খেরসন, মাইকোলাইভ ও মেলিতোপোল শহর পতনের মুখে রয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম।

সূত্র: বিবিসি