আন্তর্জাতিক

তিহার জেলে ফিরছেন কেজরিওয়াল

ভারতের ১৮তম লোকসভা নির্বাচন শেষ হয়েছে। আগামী ৪ জুন দেশটিতে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। তবে তার আগেই জেলে ফিরছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এনডিভির খবরে বলা হয়েছে, আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবারও তিহার জেলে ফিরতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আজ রোববার (২ জুন) তিহার জেলে আত্মসমর্পণ করতে যাবেন তিনি।

আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শনিবার (১ জুন) শেষ হয়েছে। কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। তবে সুপ্রিম কোর্ট আবেদন গ্রহণ না করায় তিহার জেলে ফিরতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

রোববার (২ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে কেজরিওয়াল জানিয়েছেন, তিনি আজ আত্মসমর্পণ করবেন।

পোস্টে কেজরিওয়াল লেখেন, ‘২১ দিনের অন্তর্বর্তী জামিন দেওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টকে জানাই ধন্যবাদ। আজ তিহারে গিয়ে আত্মসমর্পণ করব। দুপুর তিনটে নাগাদ বাসভবনে থেকে রওনা দেব। প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে কনট প্রেসের হনুমান মন্দিরে যাব হনুমানজির আশীর্বাদ নিতে। আর সেখান থেকে পার্টি অফিসে গিয়ে সব কর্মী ও দলীয় নেতাদের সঙ্গে দেখা করে তিহারের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা সবাই সাবধানে থাকবেন। জেলে থেকে আপনাদের নিয়ে আমি চিন্তিত। আপনারা খুশিতে থাকলে আমি আনন্দিত। জয় হিন্দ।’

উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পরে তাকে পাঠানো হয় তিহাড় জেলে।

তবে ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তার আইনজীবীদের দাবি ছিল, নির্বাচনী প্রচার থেকে কেজরিওয়ালকে আটকাতেই ইচ্ছাকৃতভাবে জেলে পাঠানো হয়েছে। সেই আবেদনের ভিত্তিতেই গত ১০ মে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেয় দেশটির সুপ্রিম কোর্ট। 

দিল্লির মুখ্যমন্ত্রী যাতে লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাতে পারেন তার জন্য ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত। নির্দেশে তারা জানিয়েছিলেন, ‘জামিনে থাকাকালীন মুখ্যমন্ত্রীর দপ্তর কিংবা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না কেজরিওয়াল। কোনো সরকারি ফাইলে স্বাক্ষর করতে পারবেন না। ২ জুন ফের আত্মসমর্পণ করতে. হবে।’