যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রবিবার তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের মধ্যে এক ব্রিটিশ নাগরিকও রয়েছে।
স্থানীয় সময় রবিবার বিকেলে গাজায় ২৮ বছর বয়সী ব্রিটিশ নাগরিক দামারি, ২৪ বছর বয়সী রোমি গোনেন এবং ৩১ বছর বয়সী ডোরন স্টেইনব্রেচারকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থল থেকে আল-জাজিরার সম্প্রচারিত টেলিভিশন ফুটেজে দেখা গেছে, গাজা শহরের রিমাল জেলার চত্বরে একটি সাদা মিনিভ্যান আসছে, যার ভেতরে তিনজন নারী রয়েছেন। কিছুক্ষণ পরেই সবুজ হেডব্যান্ড এবং বালাক্লাভা পরিহিত হামাস যোদ্ধাদের সাথে নারীরা গাড়ি থেকে বেরিয়ে আসেন। এসময় তাদের সাথে থাকা জনতা হামাসের সমর্থনে স্লোগান দিচ্ছিল।
স্থানীয় সময় বিকেল ৫টার পরে ইসরায়েলি, হামাস এবং রেড ক্রসের কর্মকর্তারা গণমাধ্যমের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
রেড ক্রসের একজন কর্মকর্তা জানিয়েছেন, নারীরা ‘সুস্থ’ আছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে। ১৫ মাস ধরে চলা যুদ্ধের পর রবিবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।