ইউক্রেনে রাশিয়ার হামলার পর কমপক্ষে ১৭ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। শুক্রবার রাতভর দোনেৎস্ক অঞ্চলে এই হামলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়া শহরে হামলায় এগারো জন নিহত হন। এছাড়া অন্যান্য এলাকায় আরো ছয় জন নিহত হয়েছেন।
গভর্নর ভাদিম ফিলাশকিনের মতে, অঞ্চলজুড়ে আরো ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে রয়েছে মিরনোগ্রাদে একজন নিহত, পোকরোভস্কে তিনজন নিহত, কোস্টিয়ান্টিনিভকায় একজন নিহত এবং ইভানোপিলিয়ায় আরেকজন নিহত হয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক আপডেটে ফিলাশকিন জানান, ওই শহর ও গ্রামগুলোতে আরো আটজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি, দোকান, প্রশাসনিক ভবন এবং গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর নিন্দা জানিয়ে বলেছেন, বিমান হামলা প্রমাণ করেছে যে যুদ্ধে রাশিয়ার উদ্দেশ্য ‘অপরিবর্তিত’ রয়েছে। তাই ক্রেমলিনের উপর নিষেধাজ্ঞা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ।
চলতি সপ্তাহের শুরুতে সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করে দেওয়ার পর, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তারা বাণিজ্যিক উপগ্রহ চিত্রে ইউক্রেনের প্রবেশাধিকার সীমিত করেছে। এর কয়েক ঘন্টা পরেই রাতারাতি এই হামলা চালানো হলো।