আন্তর্জাতিক

গ্যাস পাইপলাইনের ভেতরে গিয়ে ইউক্রেনীয় বাহিনীকে আক্রমণ

কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে দেওয়ার জন্য রাশিয়ার বিশেষ বাহিনী সুদজা শহরের কাছে একটি বড় গ্যাস পাইপলাইনের মধ্য দিয়ে প্রবেশ করে হামলা চালিয়েছে। রাশিয়াপন্থী যুদ্ধ ব্লগারদের বরাত দিয়ে রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কিয়েভের মতে, গত বছরের আগস্টে হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় এক হাজার ৩০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নেয়। ভবিষ্যতের আলোচনায় দর কষাকষির সুযোগ লাভের জন্য এবং রাশিয়াকে পূর্ব ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য করার একটি প্রচেষ্টা ছিল এটি।

রাশিয়া সাম্প্রতিক দিনগুলোতে কিছুটা সাফল্যের সাথে ইউক্রেনীয় বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুক্রবার ওপেন সোর্স মানচিত্রে দেখা গেছে, দ্রুত রুশ অগ্রগতির পর কুরন্বে কিয়েভের সেনাদের প্রায় ঘিরে ফেলা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি বৈঠকে তীব্র বাদানুবাদ হয়। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দেয়। এই সুযোগে রাশিয়ার সেনাদের ইউক্রেনীয়দের ওপর আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কুরস্কে লেবেদেভকা গ্রাম পুনরুদ্ধার করেছে। পাশাপাশি ইউক্রেনের প্রতিবেশী সুমি অঞ্চলের সীমান্তের ওপারের গ্রাম নোভেনকে দখল করেছে।

ইউক্রেনীয় বংশোদ্ভূত রুশপন্থী সামরিক ব্লগার ইউরি পোডোলিয়াকা জানিয়েছেন, রাশিয়ার বিশেষ বাহিনী প্রধান গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে মাইলের পর মাইল হেঁটেছিল এবং কেউ কেউ সুদজার কাছে পিছন থেকে ইউক্রেনীয় বাহিনীকে হামলার আগে পাইপের ভেতরে বেশ কয়েক দিন কাটিয়েছিল।