যুক্তরাষ্ট্র তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-কে দেওয়া লাইসেন্স বাতিল করেছে, যার ফলে প্রতিষ্ঠানটি অবাধে চীনে উন্নত প্রযুক্তি রপ্তানি করতে পারবে না। খবর বিবিসি ও সাউথ চায়না মর্নিং পোস্টের।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্সের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। যার ফলে চীনে তাদের কারখানায় মার্কিন পণ্য সরবরাহ আরো কঠিন হয়ে পড়েছে।
মার্কিন সরকার এই পদক্ষেপের কারণ হিসেবে বলেছে, রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁক বন্ধ করা এবং মার্কিন কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক অসুবিধা থেকে রক্ষা করা।
টিএসএমসি জানিয়েছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা চীনে তাদের কারখানার কার্যক্রম অব্যাহত রাখায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
মার্কিন সরকারের নির্দেশ অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ চীনে তাদের উন্নত প্রযুক্তি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হবে। তবে নতুন লাইসেন্স কত দ্রুত অনুমোদিত হবে তা এখনও স্পষ্ট নয়। ফলে সরবরাহ প্রক্রিয়ায় গতি কমে যেতে পারে।
টিএসএমসি বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যারা এনভিডিয়াসহ বিভিন্ন বৈশ্বিক প্রযুক্তি সংস্থার জন্য চিপ তৈরি করে। মার্কিন এই পদক্ষেপ প্রযুক্তি সরবরাহের গতিকে প্রভাবিত করতে পারে এবং চীনের উৎপাদন খাতেও প্রভাব ফেলতে পারে। এর ফলে গ্লোবাল চিপ বাজারে সরবরাহ শৃঙ্খলায় কিছু বাধা সৃষ্টি হতে পারে।