আন্তর্জাতিক

গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। ৫৩ বছর বয়সী সাইফের মৃত্যুর বিষয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লিবিয়ান নিউজ এজেন্সি।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাইফ আল-ইসলামের রাজনৈতিক দলের প্রধান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত এখনও স্পষ্ট নয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সাইফ আল-ইসলামের আইনজীবী জানান, চার সদস্যের একটি ‘কমান্ডো ইউনিট’ লিবিয়ার জিনতান শহরে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন তার বোন। লিবিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, সাইফ আল-ইসলাম আলজেরিয়ার সীমান্তবর্তী এলাকায় নিহত হয়েছেন।

লিবিয়ার সাবেক একনায়ক গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ। গাদ্দাফি ১৯৬৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন। 

গাদ্দাফির পতনের পর সাইফ গ্রেপ্তার হলেও পরে মুক্তি পান। তিনি দেশটির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টাও করেন। ২০২১ সালে সাইফ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন, যদিও সেই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।

সাইফের মৃত্যুর খবরে লিবিয়ার রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও পেছনের শক্তি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি দেশটির সরকার।