আন্তর্জাতিক

গ্রিস কোস্টগার্ডের নৌকার সঙ্গে সংঘর্ষে ১৪ অভিবাসনপ্রত্যাশী নিহত

সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে গ্রিস কোস্টগার্ডের একটি টহল বোটের সঙ্গে অভিবাসীবোঝাই একটি নৌকার ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। খবর বিবিসির।

গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে পূর্ব এজিয়ান সাগরে এই দুর্ঘটনাটি ঘটে। অভিবাসীদের বহনকারী নৌকাটি অত্যন্ত ছোট এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। গ্রিস কোস্টগার্ডের একটি দ্রুতগামী টহল বোটের সঙ্গে সেটির সংঘর্ষ হলে অভিবাসীদের নৌকাটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়। কোস্টগার্ড নৌকাটিকে তাড়া করছিল।

দুর্ঘটনার পরপরই গ্রিস কোস্টগার্ড বড় আকারের উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি জানায়, যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। আহতদের মধ্যে সাতজন শিশু, একজন অন্তঃসত্ত্বা নারী এবং কোস্টগার্ডের দুজন কর্মকর্তা রয়েছেন। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে সেখানে একটি বড় ধরনের তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এই অভিযানে কোস্টগার্ডের চারটি জাহাজ, বেসামরিক ডুবুরি বহনকারী একটি ব্যক্তিগত নৌকা এবং একটি হেলিকপ্টার অংশ নিয়েছে। তবে ঠিক কী কারণে বা কীভাবে এই সংঘর্ষটি ঘটল, তা কোস্টগার্ড এখনও স্পষ্ট করেনি।