আন্তর্জাতিক

আরো বড় ফ্লোটিলা নিয়ে এবার গাজায় যেতে যান অধিকারকর্মীরা

গত বছর গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌকার কর্মীরা চলতি বছর আবারো ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাদের প্রত্যাশা, এবার তারা দ্বিগুণেরও বেশি নৌকা এবং এক হাজার জন চিকিৎসক সঙ্গে নিতে পারবেন। বৃহস্পতিবার অধিকারকর্মীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত অক্টোবরে অবরুদ্ধ গাজায় পৌঁছানোর চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাবাহিনী প্রায় ৪০টি নৌকা আটক করে। ত্রাণ বহরে থাকা সুইডিশ কর্মী গ্রেটা থানবার্গ এবং ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে গ্রেপ্তার করে।

বুধবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে জড়ো হওয়া আয়োজকরা জানিয়েছেন, তারা তাদের পরবর্তী প্রচেষ্টার জন্য ১০০টি নৌকা আনার আশা করছেন।

ম্যান্ডেলার নাতি ম্যান্ডালা ম্যান্ডেলা বলেছেন, “এটি তাদের জন্য একটি কারণ ... যারা সবার জন্য ন্যায়বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়াতে চান। আমরা ... বিশ্ব সম্প্রদায় আমাদের শক্তি দিক আমরা সেটা চাই।”

ইসরায়েলি কর্মকর্তারা গত বছরের মিশন এবং সমুদ্রপথে গাজায় পৌঁছানোর পূর্ববর্তী ছোট আকারের প্রচেষ্টাকে প্রচারণার কৌশল হিসেবে নিন্দা করেছেন।

গাজা উপত্যকার সকল প্রবেশাধিকার নিয়ন্ত্রণকারী ইসরায়েল। গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দার জন্য ত্রাণ সরবরাহ আটকে রাখছে তারা। ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, অক্টোবরে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও বর্ধিত সাহায্যের নিশ্চয়তাসহ, ভূখণ্ডে পৌঁছানো ত্রাণ এখনো অপর্যাপ্ত।