আন্তর্জাতিক

ম্যানহোলের ঢাকনা চুরি করলে ১০ বছরের কারাদণ্ড

নিত্য ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনায় বিরক্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার। ঢাকনা চুরি ঠেকাতে নতুন আইনের প্রস্তাব দিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কেউ ম্যানহোলের ঢাকনা চুরি করলে, কিনলে বা বিক্রি করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। 

লাহোর থেকে শুরু করে ছোট ছোট শহরগুলোতে খোলা ম্যানহোল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি লাহোরের দাতা দরবার এলাকার কাছে খোলা ম্যানহোলে পড়ে এক মা ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এর আগে সারগোধা শহরে একটি শিশু একটি খোলা ম্যানহোলে পড়ে যায়। সময়মতো তাকে বের করে আনার পর সে বেঁচে যায়। 

এক্স- এ পোস্ট করা এক ভিডিওতে মরিয়ম নওয়াজ বলেছেন, “আমরা সকালে ম্যানহোলের ঢাকনা ঠিক করি, রাতে এটি গায়েব হয়ে যায়। কেউ ম্যানহোলের ঢাকনা চুরি করবেন না। কেউ ম্যানহোলের ঢাকনা চুরি, বিক্রি বা কিনলে তার এক থেকে ১০ বছরের কারাদণ্ড হবে এবং যদি এর ফলে কারো মৃত্যু হয় তাহলে তার শাস্তি হবে ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা।”

পাকিস্তানে একটি নতুন ম্যানহোলের ঢাকনার দাম আট হাজার থেকে ১২ হাজার রুপির মধ্যে। একটি ঢাকনার ওজন ৩০ কেজি পর্যন্ত হতে পারে।