ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত বলেছেন, বাংলাদেশের হিন্দুরা যদি তাদের অধিকারের জন্য রুখে দাঁড়ানোর এবং লড়াই করার সিদ্ধান্ত নেয়, তবে তারা সারা বিশ্বের হিন্দুদের সমর্থন পাবে।
আরএসএস-এর শত বছর পূর্তি উপলক্ষে রবিবার মুম্বাইতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
মোহন ভাগবত বলেন, “বাংলাদেশে প্রায় ১ কোটি ২৫ লাখ হিন্দু রয়েছে। যদি তারা সেখানে থেকে লড়াই করার সিদ্ধান্ত নেয়, তবে সারা বিশ্বের সমস্ত হিন্দুরা তাদের সাহায্য করবে।”
ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত যেসব দাবি করছে তা বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। বরং কিছু ঘটনা বেছে নিয়ে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে প্রশ্নের মুখে ফেলা যায়।
ভারতে মুসলিমদের সংখ্যা নিয়েও পরোক্ষ মন্তব্য করেন আরএসএস প্রধান। তার ভাষ্য অতীতে সরকারগুলো ভারতের জনসংখ্যার পরিবর্তনশীল গতিপ্রকৃতি মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ করেনি। তিনি এই পরিবর্তনের নেপথ্যে জন্মহার এবং অবৈধ অভিবাসনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।
ভাগবত বলেন, “আগের সরকার জনসংখ্যার পরিবর্তন নিয়ে যথেষ্ট কাজ করেনি। জন্মহার এবং অবৈধ অভিবাসন এর কারণ। এখন যেহেতু সরকার কাজ শুরু করেছে, তাই তারা সফল হবে।”
ভারতকে আর দুর্বল করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, “ভারতকে এখন আর ভাঙা যাবে না। যারা ভারতকে ভাঙার চেষ্টা করবে, তারাই ভেঙে যাবে।”