আন্তর্জাতিক

কানাডায় স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি স্কুল ও আবাসনে অতর্কিত বন্দুক হামলায় অন্তত ১০ নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারীও আছে। এছাড়া আহত হয়েছে অনেকে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)  দুপুর ১টা ২০ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে। 

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজন মারা গেছে।

এছাড়া একটি বাড়িতে আরো দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা এই গুলিবর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত বলে পুলিশ ধারণা করছে।

আরসিএমপি জানিয়েছে, স্কুলের ভেতরে বন্দুকধারী বলে ধারণা করা এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যার শরীরে নিজের ছোড়া গুলির ক্ষত ছিল।

পুলিশ আরো জানিয়েছে, গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আনুমানিক ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। স্কুলের সব শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ভ্যাঙ্কুভার থেকে ১ হাজার ১০০ কিলোমিটার উত্তরে ব্রিটিশ কলাম্বিয়া রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত টাম্বলার রিজের জনসংখ্যা তিন হাজারেরও কম।

কানাডিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুকধারী একজন নারী ছিলেন। তবে মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে আরসিএমপি সন্দেহভাজন ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছে।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি এই গণ-গুলিবর্ষণকে একটি ‘অকল্পনীয় ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করে বলেছেন, সরকার ‘আগামী দিনগুলোতে সম্প্রদায়ের সদস্যদের জন্য সম্ভাব্য সব ধরনের সমর্থন নিশ্চিত করবে’।

প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের তুলনায় কানাডায় বন্দুক মালিকানা আইন বেশ কঠোর, তবে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক কয়েকটি গণ-গুলিবর্ষণের ঘটনা আরো কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি তুলেছে।

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০২২ সালে বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন, যার মধ্যে দেশে হ্যান্ডগান কেনা-বেচার ওপর ‘নিষেধাজ্ঞা’ অন্তর্ভুক্ত ছিল।