বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পূর্ব নির্ধারিত অস্ট্রিয়া সফরের কারণে তিনি বাংলাদেশ সফর করবেন না বলে রবিবার জানিয়েছে সামা টিভি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য পাকিস্তান আমন্ত্রণ পেয়েছে। তবে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পূর্ব নির্ধারিত অস্ট্রিয়া সফরের কারণে তিনি বাংলাদেশ সফর করবেন না।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তার বাংলাদেশি প্রতিপক্ষের শপথ গ্রহণে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতিমধ্যেই একটি পূর্বনির্ধারিত কাজে অস্ট্রিয়া চলে গেছেন এবং তাই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্বের বিষয়ে সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
সূত্র জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনুষ্ঠানে যোগ দেবেন না। দেশটির লোকসভার স্পিকার ভারতের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশে যাবেন।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন ভারত, চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানসহ ১৩টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে।