ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুই দেশের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর এবং সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করছে। খবর আনতারা নিউজ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশ সরকার ও জনগণকে সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য সাধুবাদ জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, “আমরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে তার অন্তর্বর্তীকালীন নেতৃত্বের জন্য এবং নির্বাচনের কার্যকর প্রস্তুতি ও বাস্তবায়নের জন্য প্রশংসা করি।”
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে বলেছে, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরো শক্তিশালী করবে এবং দুই দেশের জনগণের সমৃদ্ধির জন্য সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদের ৩০০টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়লাভ করেছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছিল।