আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তার সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেন দেশটির পরিকল্পনামন্ত্রী ইকবাল। তিনি পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারকে রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। সাক্ষাৎকালে, ইকবাল পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আমন্ত্রণপত্রে পারস্পরিক সুবিধাজনক সময়ে পাকিস্তানে সরকারি সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সাক্ষাতের সময় পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। আঞ্চলিক সংযোগ উন্নীত করতে এবং দক্ষিণ এশিয়ার জন্য একটি ভাগ করা ভূ-অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন।