ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক চুক্তির জন্য তাদের পরিকল্পনা জমা দিতে প্রস্তুত থাকবে। শুক্রবার মার্কিন টিভি নেটওয়ার্ক এমএসএনবি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেছেন, “আমার পরবর্তী পদক্ষেপ হল সম্ভাব্য চুক্তির খসড়াটি আমার মার্কিন প্রতিপক্ষের কাছে উপস্থাপন করা। আমি বিশ্বাস করি যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি প্রস্তুত হয়ে যাবে এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের চূড়ান্ত অনুমোদনের পর, এটি স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে।”
ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের বিষয়ে একটি চুক্তি করার জন্য সর্বাধিক ১৫ দিন সময় আছে। যদি তা না হয় তবে আমেরিকা আক্রমণ করবে।
তবে আরাঘচি তার সাক্ষাৎকারে বলেছেন, “আচ্ছা, আমাকে প্রথমেই বলতে হবে যে, কোনো আলটিমেটাম নেই। আমরা কেবল একে অপরের সাথে কথা বলি (কিভাবে) আমরা দ্রুত একটি চুক্তি করতে পারি। এবং একটি দ্রুত চুক্তি এমন একটি বিষয়ে যা উভয় পক্ষই আগ্রহী।”
আরাঘচি জানিয়েছেন, মার্কিন আলোচকরা তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার জন্য অনুরোধ করেননি। তার এই দাবি, আমেরিকান কর্মকর্তাদের বক্তব্যের বিরোধী। মার্কিন কর্মকর্তারা বারবার বলেছেন যে ইরানকে কোনো স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া উচিত নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমরা কোনো স্থগিতাদেশের প্রস্তাব দেইনি এবং মার্কিন পক্ষ শূন্য সমৃদ্ধকরণের জন্যও অনুরোধ করেনি। আমরা এখন যা নিয়ে কথা বলছি তা হল কীভাবে নিশ্চিত করা যায় যে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি, শান্তিপূর্ণ এবং চিরকাল শান্তিপূর্ণ থাকবে।”