পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসা করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে সাবেক ক্রিকেট তারকার একজন মুখপাত্র অভিযোগ করেছে, ইমরানকে তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে আছেন। তাকে গত বছরের শেষের দিকে তার স্ত্রীর সাথে দুর্নীতির অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
৭৩ বছর বয়সী ইমরানের পরিবার এবং আইনজীবী জানিয়েছেন, তিনি তার ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। খানকে দ্বিতীয় ডোজ চোখের ইনজেকশনের জন্য ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
অবশ্য ইমরান খানের প্রেস উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারি বলেছেন, ইমরান খানকে “তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সাথে যোগাযোগের সুযোগ দেওয়া উচিত।”
গত সপ্তাহে ইমরান খানের স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন এক ডজনেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক ইসলামাবাদ সরকারের কাছে তাকে ‘পর্যাপ্ত’ চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।