ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করল ইসরায়েল
ইসরায়েলি সামরিক বাহিনী কিছুক্ষণ আগে জানিয়েছে, ইরান থেকে নতুন করে আরো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ‘হুমকি মোকাবিলা’ করতে কাজ করে যাচ্ছে। খবর আল-জাজিরার।
সামরিক বাহিনীর পক্ষ থেকে ইসরায়েলি জনগণকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং সেখানে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “কেবলমাত্র স্পষ্ট নির্দেশ পাওয়ার পরই সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে; হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ চালিয়ে যান।”
ইরানের দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের
ইরানের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। খবর আল-জাজিরার।
বুধবার (৪ মার্চ) ভোরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ অঞ্চলকে লক্ষ্য করে আসা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত ও ধ্বংস করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
হামলায় ইরানে ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এক হাজারের বেশি বেসমারিক নাগরিক নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে। বেসামরিক আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে, যার মধ্যে ১০০ জন শিশু রয়েছে।
গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে বলে সংস্থাটি জানিয়েছে। এসব হামলায় সামরিক ঘাঁটি, চিকিৎসাকেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হানা হয়েছে।
ইরান ইস্যুতে মার্কিন সিনেটে ভোট
ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনা বাড়ছে। এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে আরো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে একটি ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ এ ভোট হবে।
বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটে এ ভোট হবে। প্রস্তাবিত বিলটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করতে পারবেন না।
বিলটি নিয়ে স্থানীয় সময় বেলা ১১টা থেকে সিনেটে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়।
ওয়াশিংটনের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ভোট ট্রাম্পের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিকে ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করতে পারে।
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬
মাউন্ট লেবানন এলাকার আরামুন ও সাদিয়াতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন এ তথ্য প্রকাশ করেছে।
হামলায় আরও আটজন আহত হয়েছেন বলে জানায় আলজাজিরা।
এর আগে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরায়েলের আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে এবং ৩৩৫ জন আহত হয়েছেন।