আন্তর্জাতিক

ইরানের মোবাইল মিসাইল লঞ্চার লক্ষ্য করে মার্কিন হামলা অব্যাহত

ইরানের মোবাইল মিসাইল লঞ্চার লক্ষ্য করে মার্কিন হামলা অব্যাহত

তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যৌথ সামরিক অভিযান ষষ্ঠ দিনে পর্দাপণ করার সাথে সাথে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানের মোবাইল মিসাইল লঞ্চার ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ““আমরা খুব নিখুঁতভাবে এই হুমকিগুলো খুঁজে বের করছি এবং ধ্বংস করছি।”

সেন্টকম-এর পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মার্কিন সামরিক বাহিনী ধারাবাহিকভাবে বেশ কিছু হামলা চালাচ্ছে। তাদের দাবি অনুযায়ী, এই হামলায় ইরানের মোবাইল মিসাইল লঞ্চারগুলো (ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা) ধ্বংস করা হয়েছে।

ইরান ইস্যুতে সুর নরম করে মিত্রদের পাশে থাকার ঘোষণা কানাডার

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি এর আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বললেও, এখন তিনি বলছেন- তার দেশ ‘মিত্রদের পাশে থাকবে’। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (৫ মার্চ) ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী নিজেদের অবস্থান তুলে ধরেন। 

কার্নি জানান, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কানাডা অংশগ্রহণ করবে না। তবে সংঘাত ছড়িয়ে পড়লে তিনি কি এই অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেবেন- এমন প্রশ্নের জবাবে কার্নি বলেন, “যেকোনো কিছু ঘটা সম্ভব।”

একজন কানাডীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনি এমন একটি সংঘাত নিয়ে মৌলিক অনুমিত প্রশ্ন করেছেন যা অত্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। আজকের ঘটনা বা সাম্প্রতিক ঘটনাগুলো সেদিকেই ইঙ্গিত দিচ্ছে, তাই অংশগ্রহণের বিষয়টি কেউ কখনোই নিশ্চিতভাবে নাকচ করতে পারে না। আমরা আমাদের মিত্রদের পাশে থাকব।”

তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ

ইরানের বিভিন্ন শহরে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, গত এক ঘণ্টায় তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

আল-জাজিরার যাচাইকৃত একটি ফুটেজে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজেও একাধিক বিস্ফোরণ দেখা গেছে।স্থানীয় সূত্রগুলোর তথ্যানুসারে, হামলার লক্ষ্যবস্তু একটি রেডিও ও টেলিভিশন ভবন বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণে পার্শ্ববর্তী ঘরবাড়ির জানালা ভেঙে গেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ১৯তম দফার হামলা শুরু করল ইরান

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের ১৯তম দফার হামলা শুরু করেছে। আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসলিম এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

তাসনিম আইআরজিসির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সর্বশেষ এই হামলায় ইসরায়েল এবং ‘আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ উভয়কেই লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি তাদের এই অভিযানের নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ ৪’।